👁 177 Views

নরসিংদীর শীলমান্দীতে  মিশুক চালক ফাহিমকে হত্যা করে পুকুরে ফেলে দিল দুর্বৃত্তরা

মোঃ নজরুল ইসলাম :   নরসিংদীর শীলমান্দী ইউনিয়নে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মোহাম্মদ ফাহিম মিয়া (১৮) নামের এক ইজিবাইক (মিশুক) চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সোমবার (১লা জুন) রাতে শীলমান্দী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্যশীলমান্দী এলাকার “জহিরুলের পুকুর” থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত ফাহিম মিয়া মধ্যশীলমান্দী এলাকার মোহাম্মদ রুহুল আমিন ও বিউটি আক্তার দম্পতির সন্তান। তিনি পেশায় একজন মিশুক চালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত ফাহিমকে একা পেয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তারা লাশটি জহিরুলের পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নরসিংদী মডেল থানা পুলিশ সুত্রে জানাযায় খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অপরাধীদের সনাক্ত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।”
এই নৃশংস হত্যাকাণ্ডের পর শীলমান্দী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *