👁 598 Views

গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ১

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা:  গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আল আমিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতারকৃত আল আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। এর আগে গত ২৩ মে বিকেলে র‍্যাব-১৩ ও র‍্যাব-৪ এর যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র‍্যাব জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক ভিকটিমের সঙ্গে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তিনি ভিকটিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পরে ভিকটিমের পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে ২০২৫ সালের ১৯ অক্টোবর আল আমিন একতরফাভাবে তালাক দেন।
তালাকের কিছুদিন পর নিজের ভুল স্বীকার করে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন আল আমিন। একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে এক সহযোগীর খালার বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। পরে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে আল আমিন বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
র‍্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা গ্রেফতার এড়াতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্তের মাধ্যমে আশুলিয়া থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *