👁 238 Views

বাঘায় পুকুরের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে নিহত-১

বাঘা উপজেলা সংবাদদাতা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলায় পুকুর খননের মাটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৫০) পলাতক রয়েছেন। নিহত শাহার উদ্দিন ঝুন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে।
অভিযুক্ত আবুল কালাম মৃত এরশাদ আলীর ছেলে। তাদের দুজনের বাড়ি উপজেলার নিশ্চিন্তিপুর গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তিনি মারা যান। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।.
ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে নিশ্চিন্তিপুর গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাঘা থানার ওসি সিরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *