👁 231 Views

নওগাঁর মান্দায় লরিসহ তেল মজুতকালে ব্যবসায়ী আটক: পলাতক সহযোগীকে খুঁজছে পুলিশ

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড নামের এক লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এরশাদ আলী (৪০) নামে এক অসাধু ব্যবসায়ী ও লরি চালক আজমত আলী(৩৮) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক এরশাদ আলী উপজেলার চক বাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি বর্তমানে বৈদ্যপুর বাজারের জনতা ব্যাংক ভবনে বসবাস করেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তারা জানান, এ সিন্ডিকেটের সাথে মঞ্জুরুল নামে অপর এক ব্যবসায়ী জড়িত রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে  গভীর রাতে যমুনা নামবাহী একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল, এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় মান্দা থানা পুলিশ। রাত দুইটার দিকে হাতেনাতে ব্যবসায়ী এরশাদ ও চালককে আটক করা হয়। এসময় তেলবাহী লরিটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, “বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে। এ চক্রের পলাতক সদস্য মঞ্জুরুলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” জনস্বার্থে এই ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *