👁 288 Views

নাজ গার্ডেনে নতুন নেতৃত্ব: এমডি হলেন শাফিন আহমেদ রন্টি, চেয়ারম্যান শোকরানা।।

আসিফ কামাল/ ১০ এপ্রিল ২০২৬ঃ

বগুড়ার অন্যতম বৃহৎ চার তারকা হোটেল Hotel Naz Garden-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শাফিন আহমেদ রন্টি। একই সঙ্গে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় হোটেলের সরাকা কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় চেয়ারম্যান শোকরানা তার জ্যেষ্ঠ পুত্র রন্টির কাছে এমডির দায়িত্ব তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন, সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার ও পরিমল চন্দ্র দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রায় দুই দশক আগে বগুড়ায় আন্তর্জাতিক মানের হোটেলের প্রয়োজনীয়তা থেকে ১৫ দশমিক ১১ একর জমির ওপর নাজ গার্ডেন প্রতিষ্ঠা করেন মো. শোকরানা। শুরু থেকেই তিনি ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় তার নেতৃত্বে হোটেলটি দেশ-বিদেশে সুনাম অর্জন করে।

চেয়ারম্যান শোকরানা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামকে গড়ে তোলার উদ্যোগের সময় বিদেশি খেলোয়াড়দের আবাসনের শর্ত পূরণে এই হোটেল প্রতিষ্ঠা করা হয়।

নতুন এমডি শাফিন আহমেদ রন্টি বলেন, হোটেলের সুনাম ধরে রাখা ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তারের লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *