
আকরামুজজামান আরিফ কুষ্টিয়াঃ কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৬-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাথাভাঙা নদীর পাড়ে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১ হাজার ৫ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৩০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও চকলেট বাজির সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তা সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সীমান্ত গড়তে বিজিবির এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।