
এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ : গার্মেন্টসের ঝুট কাপড় দিয়ে কম্বল ও বিভিন্ন পোশাক তৈরী করে সিরাজগঞ্জের কাজিপুরের ২০ হাজার পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।
এলাকার বাজার দখল করে এসব কম্বল ও পোশাক এখন যাচ্ছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড়, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা,কুনকুনিয়া, পাইকরতরী, ঢেকুরিয়া, বিলচতল, বেলতৈল, চকপাড়া, চালিতাডাঙ্গা, বড়শীভাঙ্গা, রৌহাবাড়ী,হরিনাথপুরসহ বিভিন্ন গ্রামের গড়ে উঠেছে এসব ক্ষুদ্র পোশাক কারখানা। প্রতিটি কারখানায়
সর্বনিম্ম ২টি থেকে সর্বোচ্চ ১০টি মেশিন রয়েছে। যমুনা নদীর ভাঙ্গন কবলিত কাজিপুরের
তিনটি ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠীর প্রায় ২০ হাজার নারী শ্রমিক এ শিল্পে কাজ করে প্রতিদিন
১০০ থেকে ২০০ টাকা উপার্জন করেন। প্রায় দুই যুগ আগে প্রথম এ অঞ্চলে ঝুট কম্বল শিল্পের সূচনা হয়। ঢাকার বিভিন্ন গার্মেন্টে চাকুরি করা এসব অঞ্চলের বেশ কিছু শ্রমিক ছুটিতে বাড়ী আসার সময় হাতে করে কিছু পরিত্যক্ত ঝুট কাপড় নিয়ে এসে তাদের পরিবারের নারীদের হাতে তুলে দেন। নারীরা এগুলো ছোট ছোট টুকরো করে তা সেলাই মেশিনের সাহায্যে জোড়া দিয়ে কম্বলসহ বিভিন্ন পোশাক
তৈরি করে প্রথমে নিজেদের বাড়ীতেই ব্যবহার শুরু করেন। এগুলো বেশ আরামদায়ক হওয়ায় ধীরে ধীরে এ শিল্পের প্রসার ঘটে। পরে দরিদ্র জনগোষ্ঠীর কাছে এটি বাণিজ্যিক রূপ পায়। আর তখন থেকে এ অঞ্চলের মানুষ নিজেরাই ঢাকা, গাজীপুর, সাভার, টঙ্গী, নারায়গঞ্জ ও চট্রগামের পোশাক কারখানা থেকে ঝুট কাপড়
সংগ্রহ করে তা দিয়ে কম্বল, ব্লেজার, ট্রাউজার, প্যান্টসহ ইত্যাদি পোশাক তৈরি করে প্রথমে স্থানীয়ভাবে বিভিন্ন হাট-বাজারে তা বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে এগুলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কাছে চাহিদা সম্পূর্ণ হয়ে ওঠে । মধ্যবিত্তরা প্রথমে তাদের বাড়ীর কাজের লোকজনের জন্য কেনা শুরু করলেও পরে তা নিজেরাই ব্যবহার করতে শুরু করেন।
ঝুট কম্বল শিল্পের সঙ্গে জড়িত মালিক আমজাদ হোসেন বলেন, আমরা ঝুট কাপড়কে রিসাইক্লিং-এর মাধ্যমে নিজেদের ডিজাইনে পোশাক তৈরি করে সস্তা দামে বিক্রি করে টিকে আছি। তিনি একটি সরকারি জরিপের উদ্ধৃত দিয়ে বলেন, দেশে ঝুট কম্বলের পোশাক উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় যা সরবরাহ হয় তার মধ্যে অর্ধেকেরও বেশি কাজিপুরের এ ঝুট কাপড়েরর তৈরি পোশাক। তিনি বলেন, তাদের কারখানায় পুরুষের চেয়ে নারী শ্রমিকের সংখ্যা বেশি। ব্যাংক যদি আমাদের এ সময় ঋণ দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে আরো অবদান রাখতে পারবো। ঝুট কাপড় ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, অল্পদিনেই ঝুট কম্বলের জনপ্রিয়তা বেড়েছে এবং প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এর ব্যাপক চাহিদাও সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে চালিতাডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ বলেন, এ সমস্ত কম্বল ও পোশাক কারখানা কাজিপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সরকার যদি এদের নির্দিষ্ট একটি বড় জায়গা স্থায়ী বরাদ্দ দিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন তাহলে এর সাথে জড়িতদের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে দেশেরও উন্নয়ন ঘটবে। এটি হলে ব্যবসায়ীরা সরাসরি কারখানায় এসে
পোশাকের অর্ডার দিতে পারবেন।
শিমুলদাইড় বাজারের ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান জানান, ঝুট কম্বলের
একমাত্র কাঁচামাল ঝুট কাপড় আগে প্রতি কেজি ১০-১২ টাকায় কেনা হতো। অথচ এখন তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ঝুট কাপড় এখন ভারতে যাওয়ার কারণে বেশি টাকা দিয়েও চাহিদা অনুযায়ী তা
সংগ্রহ করা যাচ্ছে না। তাই কাজিপুরে যেসব ব্যাংকের শাখা রয়েছে। এসব ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান করলে ক্ষুদ্র গার্মেন্টস মালিকরা উপকৃত হবেন।