
আরিফুল ইসলাম মহিন, পার্বত্য প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার কণা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার কণা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ্ত চক্রবর্তী।
সভায় পানছড়ি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা নবনিযুক্ত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কাবির হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার এবং পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নিকোলাস চাকমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুমা আক্তার কণা বলেন, পানছড়ি উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।