
বাঘা (রাজশাহী) উপজেলা সংবাদ দাতা : রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়িতে গাঁজার গাছ চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে প্রায় চার কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাতে বাউসা ইউনিয়ন-এর মাঝপাড়া গ্রামে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ মন্ডলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সাবেক মেম্বার ময়েনের ছোট ছেলে ইউসুফ আলীকে( ৬২) তার বসতবাড়ির আঙিনা থেকে একটি বড় গাঁজার গাছসহ আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ আলী বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহেরের আপন ছোট ভাই এবং বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের মামা।
পুলিশের দাবি, অভিযানের সময় বাড়ির আঙিনা থেকে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গাঁজার গাছটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ আলী বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সেরাজুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, গতকাল বাউসা মাঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে চার কেজি ওজনের একটি গাঁজার গাছসহ ইউসুফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ (২২ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, থানা এলাকায় অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।