
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বলিপাড়া শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত পবিত্র কঠিন চীবরদান উৎসব পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের আওতাধীন বিজিতলা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন রিয়াদ হোসেন। এ সময় বিহারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারে উপস্থিত হয়ে প্রথমে বিহারের বড় ভান্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিহার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসবের সার্বিক আয়োজন ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, এলাকার ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগোষ্ঠীর পাশে রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে মহালছড়ি জোন বিহারের পাশে থাকবে বলে বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন।
পরিদর্শন শেষে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিজিতলা সাব জোন কমান্ডার বিহারের বড় ভান্তের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন।