
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক পোশাক পরিহিত নিজের ছবি ব্যবহার করে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রিগেডিয়ার (অব.) তুষার কান্তি চাকমা। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব পোস্ট সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে তুষার কান্তি চাকমা উল্লেখ করেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক পোশাক পরিহিত তাঁর ছবি ব্যবহার করে তাঁর নামে মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করছেন। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সামরিক পোশাক পরিহিত ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা শুধু তাঁর ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার শামিল নয়, বরং এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী তিন দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব পোস্ট সরিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায়, প্রচারিত পোস্টের প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য তথ্যপ্রযুক্তি ও ফৌজদারি আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন তিনি।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁর নাম কিংবা ছবি ব্যবহার করে প্রচারিত কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে কেউ যেন তা শেয়ার বা পুনঃপ্রচার না করেন।