
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে রোজা মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর হাদিপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু রোজা মনি খট্টেশ্বর হাদিপাড়া গ্রামের আলামিনের মেয়ে।
জানা যায়, আজ দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে কয়েকজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর সেখানে তাকে আর দেখতে না পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে ঘটনাটি তদন্ত করেছে। শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।