
পটুয়াখালী প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীরের স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা প্রদান করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দশমিনা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও কার্যকর করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দশমিনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজির আহমেদ রিডেনকে বহিষ্কার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীরের স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।
বহিষ্কারাদেশে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মী সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্র জানায়, পূর্ববর্তী আহ্বায়ক বহিষ্কারের পর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আবুল বশারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দশমিনা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন ভারপ্রাপ্ত আহ্বায়কের নেতৃত্বে সংগঠন আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশ ও সাংগঠনিক দক্ষতা উন্নয়নে নতুন গতি আসবে।