👁 405 Views

নাটোরে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের নিচে পড়ে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি : নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে পড়ে রিপন (২৯) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ (৪৩) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ইউনিয়নের  ডালসড়ক এলাকায় আয়চান ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন পাবনা জেলার ইসলামপুর গ্রামের রনির ছেলে।
 পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রংপুর থেকে চালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের  ডালসড়ক এলাকার আয়চান ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়।  এতে ট্রাকের হেলপার রিপন পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান। ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোরে ঘন কুয়াশা ও ড্রাইভারের ঘুমের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।