
চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা পৌর শহরে গোরস্থানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির অভিযোগে নগদ ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে সদর থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, এ দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল গোরস্থানপাড়ায় অভিযান চালিয়ে নারীসহ চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গোরস্থানপাড়ার মোছা. স্মৃতি খাতুন (১৯) ও তাঁর স্বামী মো. শীতল হোসেন (২১)। অপর দুজন হলেন চুয়াডাঙ্গার মালোপাড়ার গোলাপ হোসেনের ছেলে মো. আকাশ আহমেদ (২৩) এবং শংকর হালদারের ছেলে প্রতীক হালদার (২০)
অভিযানে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়াবা ট্যাবলেট বিক্রি, হেফাজতে রাখা, পৃষ্ঠপোষকতা ও মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনের পাশাপাশি আরও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি এ ঘটনায় জড়িত। ওই তিনজন পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।