👁 161 Views

নবাবগঞ্জে চড়ারহাট গণহত্যা দিবস পালিত: শহীদদের স্মরণে মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেনের শ্রদ্ধা

এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক চড়ারহাট গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া বীর বাঙালিদের স্মরণে আজ শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ঐতিহাসিক চড়ারহাট শহীদ স্মৃতি মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. জাহিদ হোসেন চড়ারহাট গণহত্যার শিকার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন。
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ১০ অক্টোবর চড়ারহাট গণহত্যায় শহীদ হওয়া সকল বীর মুক্তিকামী মানুষের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।