👁 411 Views

বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সাকিব হাসান নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রৌমারী সড়কের কামালপুর মাঝগেদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন মিয়া বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আপন মিয়া মোটরসাইকেলে করে যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে সঙ্গে নিয়ে বকশীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কামালপুরের মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আপন মিয়া ও সাকিব হাসান গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর আহত সাকিব হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে আনা হলে আপন নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।