👁 301 Views

পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের : শোকে স্তব্ধ স্বজনেরা

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ২৪ বছর বয়সী কলেজছাত্র রোমান। পরিবারেরও ছিল তাঁকে ঘিরে নানা আশা-আকাঙ্ক্ষা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তাঁর জীবনের পথচলা। পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সরকারি এডওয়ার্ড কলেজের এই শিক্ষার্থী। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রিকশাচালকও আহত হয়েছেন।
নিহত রোমান পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর এলাকার শামসুর রহমানের ছেলে। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বুধবার দুপুরে রোমান একটি রিকশায় করে জালালপুর থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে জালালপুর এলাকায় পৌঁছালে কাজিরহাট থেকে রাজশাহীগামী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে বাসের নিচে চলে যান রোমান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিকশাচালক আহত হয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।