👁 471 Views

বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী

 

ঘোড়াঘাট প্রতিনিধি:
আগামী প্রজন্মের জন্য সুন্দর, সমৃদ্ধ ও সক্ষম দিনাজপুর গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, রাজনীতি ঘৃণা ও বিভাজন সৃষ্টির জন্য নয়, রাজনীতি হতে হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে এ চাকরি মেলার আয়োজন করা হয়। তিনি মেলার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো দিনাজপুর জেলাকে বাংলাদেশের একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। ধর্ম-বর্ণ ও শ্রেণিনির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

দিনাজপুরের গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্যের কথা উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, হাজী দানেশ থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিনাজপুরে কর্মস্থলে থাকার স্মৃতিও রয়েছে।

তিনি আরও বলেন, বিরামপুরের এই ঐতিহ্যবাহী মাঠে তারা নতুন ইতিহাস সৃষ্টি করতে চান। এই মাঠের সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই ঐতিহ্য ধারণ করে মানুষের কল্যাণে নতুন উদ্যোগ নিতে হবে।

দিনব্যাপী এ চাকরি মেলায় ৩০ হাজারের বেশি চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী অংশ নেন। ৭০টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান এতে অংশ নিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তুলে ধরে।

দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে চাকরিপ্রত্যাশীরা মেলায় আসেন। ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুরসহ বিভিন্ন এলাকার প্রার্থীদের জন্য বিভিন্ন পদে চাকরির সুযোগ রাখা হয়। এসব পদের জন্য অষ্টম শ্রেণি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান।

মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়া, জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং ক্যারিয়ারবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ পান। এ আয়োজনের মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল।