👁 255 Views

শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দখল চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎‎​আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): ‎গাজীপুরের শ্রীপুরে ৫০ বছরের পৈতৃক দখলীয় জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চার পরিবারের সদস্যরা।
‎
‎​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ মাজেদুল ইসলাম মদিন ফকির।
‎
‎​লিখিত বক্তব্যে মদিন ফকির অভিযোগ করে বলেন, শ্রীপুর উপজেলার মুলাইদ মৌজার আর.এস ৩৪ নং খতিয়ানে মোট ৩ একর ৪৭ শতাংশ জমির মধ্যে তাদের বাবারা ৫ ভাই আর.এস রেকর্ড মূলে ৫৯.৪০ শতাংশ জমির মালিক। তবে তাদের এক চাচা মৃত আব্দুস ছালাম ফকির এবং তার দুই ছেলে নূরুল ইসলাম ফকির ও আব্বাস ফকির তাদের প্রাপ্য অংশের চেয়েও বেশি (প্রায় ৮১.৪৫ শতাংশ) জমি ইতোমধ্যেই বিভিন্ন জনের কাছে বিক্রি করে দিয়েছেন। অর্থাৎ নিজেদের প্রাপ্যের চেয়ে ১২.০৫ শতাংশ জমি তারা অতিরিক্ত বিক্রি করে ফেলেছেন।
‎
‎​মদিন ফকির জানান, নিজেদের প্রাপ্য অংশ শেষ হয়ে যাওয়ার পরও সম্প্রতি ফারুক আহম্মেদ নামে স্থানীয় এক ব্যক্তির প্ররোচনায় ও সহযোগিতায় তাদের ৫০ বছরের পৈতৃক দখলীয় সম্পত্তি ফারুকের ভগ্নিপতি শফিকুল ইসলামের কাছে অবৈধভাবে রেজিস্ট্রি দলিলে বিক্রি করেন আব্বাস ফকির ও নূরুল ইসলাম ফকির। জমি হস্তান্তরের অজুহাতে গত দুই বছর ধরে প্রতিপক্ষের লোকজন তাদের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে এবং চাঁদা না দিলে জমি দখল ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
‎
‎​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ভোর ৫টার দিকে আব্বাস ফকিরের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার উদ্দেশ্যে ধেয়ে আসে এবং পুনরায় ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এ সময় ভুক্তভোগীরা প্রাণভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎
‎​বর্তমানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, “প্রতিপক্ষ আব্বাস ফকির উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভ্রান্ত করছে। বিগত ৫০ বছর ধরে উক্ত জমি আমাদের দখলে রয়েছে। সঠিক তদন্ত করলেই থোলের বিড়াল বেরিয়ে আসবে।”
‎
‎​এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জানিয়ে ভুক্তভোগীরা সত্য ঘটনা উদঘাটন ও জীবনের নিরাপত্তার স্বার্থে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস. এম. রফিকুর ইসলাম বাচ্চু, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।