
ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (১৯) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের টালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নাজমুলের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মিথিলা ১৫০ সিসির একটি সাদা সুজুকি মোটরসাইকেল চালিয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে চৌগাছা থেকে আড়াদাহে চা খেতে যাচ্ছিলেন। পথে টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে পৌঁছালে যশোর থেকে চৌগাছাগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অয়ন ও মিথিলা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। মিথিলার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে খুলনার উদ্দেশে রওনা হওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
চৌগাছা থানার এসআই বেল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।#