👁 396 Views

পাইকগাছায় রং তুলিতে ১৫১ টি দূর্গা মন্দিরে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের কাজ চলছে। পূজা ঘনিয়ে আসায় প্রতিটি মন্দিরে মৃৎশিল্পীরা রঙ তুলি দিয়ে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তে এখন ব্যস্ত সময় পার করছেন। মাটি, খড় ও বাঁশ দিয়ে প্রাথমিক কাঠামো তৈরির কাজ শেষ করে শিল্পীদের সুনিপুণ হাতের ছোঁয়ায় এবং রং-তুলির আঁচড়ে একে একে জীবন্ত হয়ে উঠছে দেবী দূর্গা, মহিষাসুর, মহাদেব, লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীর প্রতিমা। সেই সঙ্গে চলছে দেবীর বাহন সিংহ এবং অন্যান্য দেব-দেবীর বাহনগুলোর রূপ ফুটিয়ে তোলার কাজ। মৃৎশিল্পীরা জানান, একটি প্রতিমা তৈরি করতে কাঠ, খড় আর মাটির প্রাথমিক কাজ থেকে শুরু করে পূর্ণাঙ্গ রূপ দিতে অনেক পরিশ্রম ও সময়ের প্রয়োজন হয়। পূজার সময়   যত ঘনিয়ে আসছে ততই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কড়া মনোযোগে তুলির শেষ আঁচড় দিচ্ছেন তারা, যেন মায়ের রূপ নিখুঁত ও প্রাণবন্ত হয়ে ওঠে। আর মাত্র।  কয়েক দিন, এরপরই মন্দিরে মন্দিরে ঢাকের বাজনা, শঙ্খধ্বনি আর দেবীর আরাধনায় মুখরিত হয়ে উঠবে চারপাশ। উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা আহবায়ক প্রাণকৃষ্ণ দাস ও সদস্য সচিব হিমাদ্রী শেখর দে বলেন, প্রশাসন ও স্থানীয় সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের পূজা আয়োজনের মূল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও প্রতিটি মন্দিরে অত্যন্ত আনন্দঘন, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। এবার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৫১ টি পূজামন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজায় আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, দূর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দিরে আমাদের বিশেষ নজরদারি থাকবে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। আমরা একটি উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, এবার উপজেলার কপিলমুনি পূর্বপাড়া হরিসভা মন্দিরে ভারতের মায়াপূর ইসকন মন্দিরের আদলে নির্মিত নান্দনিক দৃষ্টি নন্দন প্যান্ডেল ও অপরুপ শিল্পকর্মে সজ্জিত মনোমুগ্ধকর   দেবী দূর্গা মায়ের প্রতিমা। সব মিলিয়ে উৎসবের একটি আমেজ ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। মায়ের আগমনকে ঘিরে ভক্তদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।