
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদ্রাসায় বার্ষিক অভিভাবক সম্মেলন, শিক্ষা প্রদর্শনী ও সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলার অর্জুনডারা এলাকায় ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে নূরানী একাডেমিক শাখা, হিফজ বিভাগ ও কওমি কিতাব বিভাগসহ বিভিন্ন স্তরে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। নূরানী শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, হিফজ বিভাগে পবিত্র কোরআনুল কারিম হিফজ এবং কওমি কিতাব বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মাদরাসাটিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। পাঠদান কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন ১৫ জন শিক্ষক-শিক্ষিকা। আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা ৪০০ জনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত শ্রেণি কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, ধারাবাহিক মূল্যায়ন ও শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান উন্নয়ন এবং পাঠ্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের আদব-আখলাক, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা যেন সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ২১ নভেম্বর বার্ষিক অভিভাবক সম্মেলন ও শিক্ষা প্রদর্শনীতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরার লক্ষ্যে ২১ নভেম্বর শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক অভিভাবক সম্মেলন, শিক্ষা প্রদর্শনী ও সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন অর্জুনডারা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রেজাউল করিম। অভিভাবক সম্মেলনে শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের দায়িত্ব, শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও সৃজনশীল কর্মকা- তুলে ধরা হয়। সমাপনী পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে অতিথিদের খাবার পরিদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষার্থীর সংখ্যা ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মাদরাসাটিতে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে অভিমত তুলে ধরেন। উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ, বিদ্যমান অবকাঠামো সংস্কার এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়।
উক্ত অনুষ্ঠানে আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ হক্কানী বলেন, “আমাদের স্বপ্ন শুধু শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করা নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে কোরআন-সুন্নাহর আলোকে আদর্শ, যোগ্য, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম বলেন- “অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এলাকার কোমলমতি শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রতিষ্ঠানটি শুধু উলিপুর নয়, পুরো কুড়িগ্রাম জেলার মধ্যে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করুক। এ জন্য পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রবাসী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”