👁 221 Views

পানছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও শিক্ষা-সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৮ ইবি খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় ও পানছড়ি সাবজোনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার চেঙ্গী ইউনিয়নের ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে ১৮ ইবি খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, পিএসসির উপস্থিতিতে ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব, এএমসি (আরএমও, ১৮ ইবি)-এর নেতৃত্বে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ক্যাম্প পরিদর্শনকালে জোন অধিনায়ক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরে তাদের মাঝে শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করেন। পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারাও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলেন, দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়ায় উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় জনকল্যাণমূলক উদ্যোগ।