👁 410 Views

দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ স্থাপনা ভেঙে দখল মুক্ত করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় খায়রুল ইসলাম বাবুকে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা সরিয়ে ভেঙে দখল মুক্ত করা হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।