👁 404 Views

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পেছনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, তাঁদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের যথাযথ মর্যাদা, সম্মান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন।