
মোঃ রিয়াজ জেলা প্রতিনিধ।। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে পটুয়াখালী উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে।
জেলার উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বাতাসের গতিবেগ বেড়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে ছোট-বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২টায় পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখি জানান, লঘুচাপের প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, গভীর সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার বিকেল থেকেই দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর ও মহিপুর এলাকার খাপড়াভাঙ্গা নদীর পোতাশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে।