👁 226 Views

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনে সেনা মোতায়েন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা ও বাজেট বরাদ্দের আশ্বাস দিয়েছে সরকার। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদ নির্বাচন যেন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, নির্বাচনের কোনো কলঙ্ক সরকার নিতে চায় না। জনগণ যেন তাঁদের পছন্দের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

এ সময় গাইবান্ধার উন্নয়ন, কর্মসংস্থান, নদীভাঙন, চরাঞ্চলের সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ড. সৈয়দ মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।