
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামে এক ভ্যানচালকের। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামে ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ উত্তরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।