👁 414 Views

পাবনায় শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা 

বার্তা সংস্থা পিপ (পাবনা) : ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করতে পাবনায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহীদ বুলবুল সরকারি কলেজ মিলনায়তনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন। তিনি বলেন, “ভোক্তা অধিকার সম্পর্কে জানা প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে। পণ্য কেনার সময় মূল্য, মান, পরিমাণ ও মেয়াদ যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে।”

ভোক্তার অধিকার, ব্যবসায়ীদের দায়িত্ব, পণ্যের মূল্য ও মান যাচাই এবং অনিয়মের প্রতিকার পাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। পরে তিনি ভোক্তা অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন।

শহীদ বুলবুল সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামানের সভাপতিত্বে ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আল কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আখতারুজ্জামান আখতার, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবিএম ফজলুর রহমান এবং কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শফিউল আলম সুমন।

বক্তারা বলেন, “সচেতন ভোক্তাই বাজারের অনিয়ম ও প্রতারণা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মেয়াদোত্তীর্ণ পণ্য, ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য নেওয়া কিংবা ভেজাল পণ্য বিক্রির মতো অনিয়ম দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে পণ্য কেনার সময় রসিদসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করা উচিত।”

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

পাবনায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বার্তা সংস্থা পিপ (পাবনা) :পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ইবলুল হোসেন পবনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মিলন হোসেন মিন্টু, আবু সাঈদ, আসাদুজ্জামান টিটু, মোস্তফা আহমেদ লালন, আব্দুল লতিফ, আব্দুল মুমিন, হেলাল উদ্দিন, বাবু মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল আল মামুন, রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। চলতি বছর সংগঠনটি ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *