
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অপু ওরফে মুন্না (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক রেজাউল ইসলাম। মৃত অপু উপজেলার গড়ইখালী এলাকার মাসুম বিল্লাহর ছেলে। সে তার মায়ের সাথে ভিলেজ পাইকগাছা এলাকায় বসবাস করে আসছে। গত তিন মাস ধরে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কাজ করে আসছিল। গত কয়েক দিন আগে প্রচন্ড জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ডেঙ্গু পজিটিভ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য এর কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়। ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিলেও ডেঙ্গুর প্রবনতা কোন ভাবেই যেন রোধ করা যাচ্ছে না। পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। তিনি বলেন এই সময়ে অসুস্থ হলেই অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। পাশাপাশি পরিবারের সবাই কে ডেঙ্গু বিষয়ে সচেতন ও সতর্ক হতে হবে বলে তিনি জানান।
34