👁 103 Views

হরিণাকুন্ডুতে ইউপি মেম্বারকে কুপিয়ে নৃশংস হত্যা, এলাকায় উত্তেজনা

মাকসুদুল হক, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নং ভায়না ইউনিয়নের কাীশংকরপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোনায়েম (মোলাম) হোসেন (৫০)। তিনি ভায়না ইউনিয়নের বর্তমান মেম্বার এবং ওই গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কোনো এক সময় সন্ত্রাসীরা মোলাম হোসেন মেম্বারকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বাঁশঝাড়ের নিচে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং এর সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *