
মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুউপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল, আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। বিশেষ করে নিরক্ষরতা দূর করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়, এটি মানুষের সচেতনতা, আত্মনির্ভরতা ও জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরী।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।