
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে প্রচলিত ফসলের গণ্ডি পেরিয়ে আগাম জাতের সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি ব্লকের মালদহ গ্রামের কৃষক রাজু মিয়া (৪০) মাত্র ২০ শতাংশ জমিতে আগাম জাতের ‘কেরালা শিম’ চাষ করে এলাকায় রীতিমতো সাড়া জাগিয়েছেন।
সরেজমিনে জানা যায়, সীমিত জমিতে ১৩৩টি শিমগাছের আবাদ করেছেন রাজু মিয়া। জমি প্রস্তুত, বীজ, মাচা তৈরি ও গাছের পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। বর্তমানে তিনি গাছের নিবিড় পরিচর্যা ও বৃদ্ধিতে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া ও বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ফলন বাজারে তুলতে পারবেন বলে আশা করছেন তিনি। মৌসুমের শুরুতে বাজারে শিমের সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত নিট মুনাফা অর্জনের লক্ষ্য তাঁর।
কৃষক রাজু মিয়া বলেন, “কৃষিকাজে দিন দিন খরচ বাড়ছে। তাই অল্প জমিতে কম সময়ে কীভাবে বেশি লাভ করা যায়, সেই চিন্তা থেকেই এই আগাম কেরালা শিম চাষের উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত গাছের অবস্থা বেশ ভালো। বাজারে প্রথম দিকে শিম নামাতে পারলে ভালো দাম পাব এবং সংসারে বাড়তি আয় যোগ হবে।”
একই এলাকার অভিজ্ঞ কৃষক সোহেল রানা জানান, আগাম সবজি চাষে সঠিক জাত নির্বাচন ও সময়মতো নিবিড় পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে বাজারে সবজির ঘাটতি থাকায় কৃষকেরা তুলনামূলক দ্বিগুণ-তিনগুণ দাম পান। তবে এই চাষে আবহাওয়ার খামখেয়ালিপনা ও রোগবালাইয়ের মতো ঝুঁকিও থাকে। পরিকল্পিতভাবে এগোলে লোকসানের সুযোগ নেই বললেই চলে।
নবাবগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, “সবজি চাষে কাঙ্ক্ষিত ফলন পেতে হলে মানসম্মত বীজ নির্বাচন, সুষম সার প্রয়োগ এবং সঠিক নিয়মে রোগবালাই দমন করা জরুরি। রাজু মিয়ার এই উদ্যোগ স্থানীয় অন্য কৃষকদেরও আগাম ও লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করবে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ ও ব্যয় নিয়ন্ত্রণে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন জাতের সবজি চাষের ক্ষেত্রে মাটির উপযোগিতা ও বীজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ফসলের ন্যায্যমূল্য পাওয়াটা জরুরি। পরিবহন খরচ ও বাজারের চাহিদা বুঝে সঠিক সময়ে ফসল বাজারজাত করতে পারলে রাজু মিয়ার মতো অন্য কৃষকেরাও অল্প পুঁজিতে অধিক লাভবান হতে পারবেন।