গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: “স্বপ্ন দেখো, সাহস রাখো, সফল হও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় হলরুমে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ জাহিদ আহমদ’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সুমনা রায়’র সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকারিয়া হোসেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জামাল খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা রেখা রানী কর্মকার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ’র প্রধান শিক্ষক আসিম চক্রবর্তী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, শিক্ষক মনজুর আহমদ, অভিভাবক দেলোয়ার হোসেন মাসুক, শিক্ষার্থী মারুফা হোসেন ইমু, জাসমিতা আফরিন, ফাউজিয়া ফেরদৌস মিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, নারী শিক্ষায় এই প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আজকের এই কৃতী ছাত্রীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর। তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, সাহস, সততা ও নিষ্ঠাকে পুঁজি করে তোমাদের আগামী দিনের পথ চলতে হবে। উচ্চশিক্ষা ও কর্মজীবনে এই সাফল্যের ধারা অব্যাহত রেখে সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানাই।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরপর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।