👁 503 Views

ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় নিষিদ্ধ ওষুধসহ দুই পাচারকারী  গ্রেফতার

মাকসুদুল হক , ঝিনাইদহ প্রতিনিধি–  বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর
ঝিনাইদহের মহেশপুরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) ভোরে উপজেলার নেপা এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে জাকারিয়া (২৯) এবং তাঁর স্ত্রী পারভীন খাতুন (১৯)।
মহেশপুর থানার এসআই টিপু সুলতান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল ভোররাতে নেপা গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়। পুলিশ সদস্যরা ওই বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে অভিযান শুরু করলে ভাড়াটিয়া জাকারিয়া ও তাঁর স্ত্রী পারভীন চম্পট দেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের আটক করেন।
পুলিশ তাদের ঘরে তল্লাশি চালিয়ে শোয়ার ঘরের বিছানার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ৭০০ পিস ভারতীয় অবৈধ ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়। এসব ওষুধ বাংলাদেশে বিক্রয় ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, উদ্ধারকৃত চোরাচালানি মালামালের ঘটনায় বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ঝিনাইদহ বিচারিক আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে অবৈধ পণ্য ও ওষুধের চালান রোধে এ ধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও সতর্ক করেন এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *