👁 465 Views

পলাশবাড়ীতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামী জমির হোসেন ওরফে জনির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে অভিযুক্ত জমির হোসেনকে দ্রুত গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ১০ আগস্ট ভোরে পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর এলাকায় তোতা মিয়ার ভাড়া বাসায় স্ত্রী শ্রাবণী আক্তারকে হত্যার উদ্দেশ্যে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তার স্বামী জমির হোসেন ওরফে জনির বিরুদ্ধে।
পরে আশঙ্কাজনক অবস্থায় শ্রাবণী আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে পলাশবাড়ী থানার সেকেন্ড অফিসার জুয়েল সরকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন।
এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *