👁 461 Views

মোরেলগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কমিউনিটি এনগেজমেন্ট সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে পরিচালিত Global Programme to End Child Marriage (GPECM-III) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘বাল্যবিবাহের অভিশাপ: শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বাল্যবিবাহের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়া, কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি, মানসিক চাপ এবং ভবিষ্যৎ জীবন ও পারিবারিক ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ. এম. শহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কোঅর্ডিনেটর মো. মারুফ হোসেন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল হালিম হাওলাদার, এইচ. এম. শহিদুল ইসলাম ও মোহাম্মদ হুমায়ুন কবির।
বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মেয়েদের পড়াশোনা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, আলী মোহাম্মদ ফারুক, জগন্নাথ কুমার হালদার ও আলিম খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *