👁 39 Views

নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধিনোয়াখালীর বেগমগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত নজরুল ইসলাম শান্ত জানান, তারা তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাচ্ছিলেন। পথে পেছন থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং তাদের সঙ্গে থাকা পাঁচজন মাথা, হাত ও পিঠে গুলিবিদ্ধ হন।

নজরুল ইসলাম শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে তিনি চিনতে পেরেছেন। এ সময় পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির করেন বলে মন্তব্য করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজনের দাবি, হারুন ও তার সহযোগীরা তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন মনে করে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া ওই ব্যক্তিদের ওপর গুলি চালায়।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *