👁 35 Views

চৌদ্দগ্রামে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবীদের সম্মাননা উপহার প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : মা-বাবার আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত অস্বচ্ছল নারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা উপহার প্রদান করেছেন লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়া। এ উপলক্ষে রোববার বিকালে দক্ষিণ ফালগুনকরায় ভুঁইয়া বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামশেদ হাজারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, দক্ষিণ ফালগুনকরা গ্রামের লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভুঁইয়ার দাদা মোঃ আব্দুুর রহমান ভূঁইয়া, দাদি জাহেরা খাতুন ও মাতা হাসিনা বেগমের মাগফিরাত কামনায় দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ পাচ্ছে অসচ্ছল নারীরা। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রোববার বিকেলে মেধাবী নুসরাত জাহান মীম, আছিয়া আক্তার আঁখি, রাবিয়া আক্তার ও মাজেদা আক্তারসহ ১৬ জনের প্রশিক্ষণকে নগদ অর্থ সম্মাননা উপহার হিসেবে প্রদান করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রবাসে থেকেও নিজ এলাকার অসহায় মানুষের কথা মনে রাখা এবং শিক্ষার প্রসারে কাজ করছে নাছির উদ্দিন ভূঁইয়া। তাঁর এই উদ্যোগ এলাকার অন্যান্য বিত্তবান ও প্রবাসীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
উপকারভোগী নারীরা আবেগাপ্লুত হয়ে বলেন, এই উপহার আমাদের সংসারের হাল ধরতে সাহায্য করবে। প্রবাসী ভাই ও তার মরহুম মা-বাবার জন্য দোয়া করি।
উপহার প্রদানকালে লন্ডন প্রবাসী নাছির উদ্দিন ভূঁইয়া বলেন, আমার দাদা, দাদি ও মা সবসময় মানুষের সেবা করতে বলতেন। তাদের স্মৃতিকে ধরে রাখতেই এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও আমি অসচ্ছল মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, আমাদের সকলকে মানুষের বিপদ ও সামাজিক কল্যাণে এগিয়ে আসতে  হবে। তাহলে আগামীতে পাড়া-মহল্লায় কোন মানুষ দরিদ্র থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *