👁 29 Views

আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ

এম সাজেদুল ইসলাম (সাগর), নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া মাহালী পাড়ায় আদিবাসী সম্প্রদায়ের জমি জবরদখলচেষ্টা ও হামলার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৫), মনিরুল ইসলাম (৩০), আবুল কালাম (৫০), মিজানুর রহমান (৭৪), মোস্তাফিজুর রহমান (২৮), নাসির উদ্দিন (৩২), জালাল উদ্দিন (৩৮) ও হারুনর রশিদ (৪২)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহালী পাড়ার আদিবাসী বাসিন্দা মঙ্গল সরেন তার পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু গত দুই বছর ধরে অভিযুক্ত দেলোয়ার হোসেন ওই জমির ১৩ শতক নিজের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছিলেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার সকাল ৯টার দিকে দেলোয়ার হোসেনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গল সরেনের জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক বেড়া দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করলে আদিবাসী পরিবারটি বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
হামলায় মঙ্গল সরেনের নাতি রাজেন সরেন ধারালো হাসুয়ার কোপে গুরুতর আহত হন। এছাড়া লোহার রডের আঘাতে মঙ্গল সরেনের স্ত্রী স্মৃতি মুর্মুর হাত ভেঙে যায় এবং নাতনি সুচরিতা সরেন মাথায় প্রচণ্ড আঘাত পান।
ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করা হলে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুসের নির্দেশে এসআই ডেভিড বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকেই ১ থেকে ৮ নম্বর আসামিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গল সরেন বাদী হয়ে দেলোয়ার হোসেনসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ থেকে তথ্য পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটককৃত ৮ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *