
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সপ্তগ্রাম সম্মিলনী গোবর্ধন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহনাজ আক্তার লাকী।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক জারি করা এক আদেশে চার সদস্যবিশিষ্ট বিদ্যালয়ের অন্তবর্তীকালীন (এডহক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত শাহনাজ আক্তার লাকী, শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শংকর বড়াল, অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত সুদেব রঞ্জন কীর্ত্তনীয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।
বোর্ডের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এ এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ ১১ আগস্ট ২০২৬ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন এডহক কমিটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এদিকে নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে এডহক কমিটির সভাপতি শাহনাজ আক্তার লাকী বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ দায়িত্বকে তিনি বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।