
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, (নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ছায়েফ উদ্দিন শাহজাদার গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাতে উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বীজবাগ গ্রামের এলাহি বক্স হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরের দল ভবনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা তিনটি স্টিলের আলমারি, ওয়ারড্রপ ও শোকেস ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, জমির দলিলপত্র ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে জানান ছায়েফ উদ্দিন শাহজাদা।
বিষয়টি ছায়েফ উদ্দিন শাহজাদা নিজেই গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।
চুরির ঘটনা সম্পর্কে জানতে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসমাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, তিনি এ বিষয়ে অবহিত নন।
এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুরির ঘটনায় থানায় কেউ কোনো তথ্য বা অভিযোগ দেননি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।