
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলীম উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, বাবা-মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার মর্জাতপুর গ্রামের নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১২ আগস্ট) বাদ আসর স্থানীয় মর্জাতপুর মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে মর্জাতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, মোঃ আলীম উদ্দিন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মর্জাতপুর (খুর্দ্দা) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তরুণ এই জনপ্রতিনিধির অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার এই বিদায় খবরের পর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।