👁 44 Views

বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল

বার্তা সংস্থা পিপ (পাবনা) :  পাবনার বেড়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ‘চায়না দুয়ারী’ জাল। একদিকে বেড়া পৌরসভার বনগ্রাম এলাকার বেশ কিছু কারখানায় দিন-রাত তৈরি করা হচ্ছে এই জাল, অন্যদিকে নাজিম বাজারে প্রকাশ্যে তা বিক্রি করা হচ্ছে। কারখানাগুলোতে তৈরি নিষিদ্ধ এসব জাল রাতের অন্ধকারে ট্রাক, পিকআপ ও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনগ্রাম এখন চায়না দুয়ারী জাল তৈরির প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানকার কারখানাগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল তৈরি হচ্ছে। প্রস্তুত শেষে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ভ্যান, ট্রাক ও পিকআপে বোঝাই করে, কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, সিরাজগঞ্জ ও নাটোরসহ দেশের নানা জায়গায় এসব চালান পাঠানো হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এই অবৈধ ব্যবসা পরিচালনা করতে স্থানীয় একটি প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। নিষিদ্ধ জালের এই ব্যবসায়ী সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন হেলাল মোল্লা নামের এক ব্যক্তি। মূলত তাঁর মদত ও প্রভাবেই বেড়ার নাজিম বাজারে প্রতিদিন প্রকাশ্যে নিষিদ্ধ এই জাল কেনাবেচা চলছে।
বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, ক্ষতিকর এই জালের ফাঁদে আটকে ধ্বংস হচ্ছে নদী-নালার ছোট-বড় সব ধরনের দেশীয় মাছ। বিশেষ করে রেণু পোনা ও ডিমওয়ালা মা মাছ অবাধে ধরা পড়ায় সামগ্রিক জলজ পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, মাঝে মাঝে দু-একটি লোকদেখানো অভিযান চালানো হলেও মূল কারবারি ও কারখানার মালিকেরা থেকে যান ধরাছোঁয়ার বাইরে। ফলে অভিযান শেষ হতে না হতেই আবারও শুরু হয় এই ক্ষতিকর ব্যবসা।
এ বিষয়ে বক্তব্য জানতে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বেড়ার সাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের দাবি, বনগ্রামের অবৈধ কারখানাগুলো অবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বিশেষ করে স্থানীয় কুরিয়ার সার্ভিসগুলোর পার্সেল বুকিংয়ের ওপর পুলিশি নজরদারি বাড়ালে নিষিদ্ধ জালের বড় বড় চালান সহজেই ধরে ফেলা সম্ভব। তাই নাজিম বাজার ও কুরিয়ার পয়েন্টগুলোতে ঝটিকা অভিযান চালিয়ে এই ক্ষতিকর চায়না দুয়ারী জালের ব্যবসা চিরতরে বন্ধ করতে জেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য বিভাগের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *