👁 243 Views

পাবনা আধুনিক উপশহর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি: জমি পরিদর্শনে গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দল

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক উপশহর প্রতিষ্ঠার উদ্যোগ এবার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল। জমি অধিগ্রহণের সম্ভাব্যতা যাচাই ও মাঠ পর্যায়ের কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ রাজশাহী কার্যালয়ের একটি প্রতিনিধি দল সোমবার (১০ আগস্ট) পাবনা সফর করেছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দলটি প্রস্তাবিত দুটি মৌজা সরেজমিনে ঘুরে দেখে,যা দীর্ঘদিনের এই দাবিকে এখন দৃশ্যমান বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে।
সোমবার সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে প্রস্তাবিত আধুনিক উপশহরের জন্য জমি নির্বাচন, অধিগ্রহণ প্রক্রিয়া এবং পরবর্তী প্রশাসনিক ও কারিগরি কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রতিনিধি দলে ছিলেন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সোহেল সরকার এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মোরশেদ মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন পাবনাস্থ কমিটির সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক প্রকৌশলী হিমেল রানা, ঢাকাস্থ কমিটির সভাপতি মাহমুদুল হাসান সুমন এবং সহসভাপতি মামুনুর রশিদ মামুন।
বৈঠকে, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি ও রাজস্ব) ইয়াসমিন মনিরা জানান , প্রস্তাবিত জমি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে। বৈঠক শেষে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, নিয়োজিত সার্ভেয়ার, গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং উপশহর বাস্তবায়ন কমিটির সদস্য একযোগে প্রস্তাবিত দুটি স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় জমির অবস্থান, আয়তন, যোগাযোগ ব্যবস্থা এবং উপশহর প্রতিষ্ঠার সম্ভাব্যতা সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালিকানা ও জমির পরিমাণ সহ প্রয়োজনীয় বিষয় যাচাই শেষেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নির্ধারিত হবে।কার্যক্রমের অগ্রগতি নিয়ে পাবনার সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গেও মোবাইল ফোনে কথা বলেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্টরা। তিনি এ উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে তার প্রচেষ্টা অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগর সম্প্রসারণ, আবাসন সংকট, যানজট ও জলাবদ্ধতার মতো সমস্যা সমাধানে পরিকল্পিত উপশহরকে বহুদিন ধরেই গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখছেন পাবনাবাসী। এই প্রতিনিধি দলের সফর, বৈঠক, সার্ভেয়ার নিয়োগ ও সরেজমিন পরিদর্শন বাস্তবায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রকল্পের চূড়ান্ত স্থান নির্বাচন, জমির পরিমাণ ও অধিগ্রহণ-সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পরবর্তী সার্ভে ও প্রশাসনিক যাচাই-বাছাইয়ের ওপর।
জেলা প্রশাসন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও স্থানীয় বাস্তবায়ন কমিটির সমন্বয়ে শুরু হওয়া এই মাঠপর্যায়ের উদ্যোগ কত দ্রুত পরবর্তী ধাপে গড়ায়, এখন সেদিকে তাকিয়ে পাবনাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *