👁 165 Views

সিরাজগঞ্জে পৃথক দুই মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি মামলায় একই সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।

জেলা ও দায়রা জজ-১এর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। একই আদালতে পৃথক দুটি মামলা হলেও একই কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির একটি দল শহরে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মালশাপাড়া জামে মসজিদ এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল ইসলাম বুলেনকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৮ পিচ ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অপর দিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী

অভিযান চালায়। রাতে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাসযাত্রী সোহেল রানা সুমনের হেফাজতে থাকা ১ হাজার ৯৬০ পিচ নিষিদ্ধ ভারতীয় তৈরী চেতনা নাশক ইনজেকশন জব্দ ও সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ ইনজেকশন গুলো ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

দুটি মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে আজ রোববার আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। তবে রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন।###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *