
শান্ত বণিক, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচরের তিশা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, পণ্যের মোড়কে উপাদান হিসেবে বাটার ও গুঁড়া দুধের উল্লেখ থাকলেও উৎপাদন প্রক্রিয়ায় এসব উপাদানের বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন পরিবেশ ছিল অপরিষ্কার ও অস্বাস্থ্যকর।
নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। মামলায় প্রসিকিউশন দাখিল করেন নরসিংদী নিরাপদ খাদ্য অফিসের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক।
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।