
নরসিংদী প্রতিনিধি:নরসিংদী সদর উপজেলায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ‘প্রবাস বন্ধু ফোরাম’-এর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট, ২০২৬) বেলা ১১.০০ টায় নরসিংদীর এমআরএসসি-ব্র্যাক অফিসে সভাটি অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২)” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রবাস বন্ধু ফোরামের সহ-সভাপতি জনাব আনিছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক জনাব শাহরিয়ার পারভেজ জয় এবং সম্মানিত সদস্য জাকির হোসেন। এছাড়া ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারিমা, জেরিন, শিরিনা, কাকলি এবং ব্র্যাকের স্থানীয় কর্মকর্তাবৃন্দ। উপস্থিত সদস্যগণ উন্মুক্ত আলোচনায় নিজেদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (নরসিংদী)-এর এসএসইআর (এমআরএসসি) হাসান মাসনুন্নাহ সজিব এবং নরসিংদী সদর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহরাব মোল্লা।
সভায় ‘প্রত্যাশা-২’ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা জানান, বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা, পেশাগত প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করবে। এর মাধ্যমে প্রবাসফেরত ব্যক্তিরা সমাজে পুনরায় আত্মনির্ভরশীল হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।