👁 196 Views

গোবিন্দগঞ্জে ধর্ষণের কারণে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণী বিয়ের ২ মাসের মাথায় ভাঙলো সংসার

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ ​গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।  ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা ১৮ বছর বয়সী তরুনীর বিয়ের মাত্র দুই মাসের মাথায় সংসার ভেঙে গেছে।
​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি দুপুরে রাখালবুরুজ ইউনিয়নের কাজীরচক গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মরিয়মকে (১৮) নিজ ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর (ফকিরপাড়া) গ্রামের মৃত খাজের আলীর ছেলে সাইদুর রহমান (৬০)। লোকলজ্জা ও হুমকির ভয়ে বিষয়টি তখন পরিবারের কাছে গোপন রাখে ওই তরুণী।
​গত ০২ জুন পরিবারের সম্মতিতে তরুণীর অন্যত্র বিয়ে হয়। শ্বশুরবাড়িতে থাকাকালে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
 পরীক্ষায় ধরা পড়ে তিনি ৫ মাস ১৩ দিনের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের চাপের মুখে তরুণী তার সাথে ঘটে যাওয়া ধর্ষণের লোমহর্ষক ঘটনা প্রকাশ করে দেয়।
 ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং গত ০৩ জুলাই পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ (তালাক) সম্পন্ন হয়।
​​এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী তরুণীর বাবা মতিয়ার রহমান বাদী হয়ে অভিযুক্ত সাইদুর রহমানকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *